মুক্তদেশ ডেস্ক: রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোলাইনের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রোববার (২৬ অক্টোবর) বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি এ কথা জানান।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকের মেট্রোরেলের ৪৩৩ নাম্বার পিলারের বিয়ারিং প্যাড হঠাৎ খুলে নিচে পড়ে যায়। এসময় নিচে দাঁড়িয়ে ছিলেন এক পথচারী। বেয়ারিং প্যাড সরাসরি তার মাথায় গিয়ে আঘাত করলে ঘটনাস্থলে মৃত্যু হয়। আহত হন পাশে দাঁড়িয়ে থাকা আরও দুজন। তাদেরকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। ঘটনাস্থলে উপস্থিত হয় আইনশৃঙ্খলাবাহিনী ও সেনাবাহিনী। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির সঙ্গে থাকা একটি পাসপোর্ট পাওয়া গেছে। এতে জানা যায়, তার নাম আবুল কালাম। বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কিশোরকাটি গ্রামে। জন্মসাল ১৯৯০।
