মুক্তদেশ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। এই সময়টাতে অত্যন্ত সাবধানে, সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। আমাদের ভুলের কারণে বা রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি। অর্থাৎ ফ্যাসিস্টদের আমরা আর ফেরত দেখতে চাই না। ’
আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সদর উপজেলা বিএনপি ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা জানেন- বিএনপি সামগ্রিকভাবে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে দীর্ঘ ছয় বছর কারাগারে আটক করা হয়েছিল, আমাদের প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের নেতা ইলিয়াসসহ ১৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। এখন পর্যন্ত তাদের কোনো চিহ্ন আমরা খুঁজে পাইনি। আমাদের নেতা তারেক রহমানকেও মিথ্যা মামলায় জড়িয়ে তাকে বাংলাদেশ থেকে নির্বাসিত করা হয়েছে। তিনি এখনো দেশে ফিরে আসতে পারেননি।’
তিনি বলেন, ‘আগামী নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, আমরা আবার গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে আসতে চাই। আমাদের মানুষ নির্বাচন চায়, তারা ১৫-১৬ বছর যে ভোট দিতে পারেনি তাই আবার তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। নিজস্ব সরকার তৈরি করতে চায় এবং সেই পার্লামেন্টে ও সরকারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আবার সচল করে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ নির্মাণ করতে চায়। ’
