মুক্তদেশ ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজা উপত্যকায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে শুরু করেছে।এখনো মিশর সীমান্ত দিয়ে প্রবেশের অপেক্ষায় রয়েছে আরও অনেক ট্রাক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
তবে ইউনিসেফ কর্মকর্তা জেমস এলডার বলছেন, এখনো যে পরিমাণ ত্রাণ প্রবেশ করছে তা প্রয়োজনের তুলনায় কম। তাই আরও কিছু প্রবেশপথ খোলার দাবি জানান তিনি। তিনি বলেন, ‘এর সমাধান খুব সহজ। আরও ৫-৬টি প্রবেশপথ খুলতে হবে। এক পথ দিয়ে তো আর এক হাজার ট্রাক সহসা প্রবেশ করতে পারবে না। ’
জেমস এলডার বলেন, জাতিসংঘের ত্রাণ সংস্থা অনেকদিন ধরেই প্রবেশের অপেক্ষায় আছে। ইউনিসেফ শিশু ও গর্ভবতী নারীদের খাবার এবং শীতের পোষাক ও জুতা সরবরাহ করতে চায় ইউনিসেফ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আজ রোববার সকাল থেকে গাজার মিশর সীমান্তবর্তী রাফাহ অঞ্চলে অনেক ট্রাক জড়ো হতে দেখা যায়। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, এখন পুরােদমে ত্রাণবাহী ট্রাক প্রবেশ করার কথা। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জানানো হয়েছে তাদের সবগুলো ত্রাণবাহী লরি এখনো গাজায় প্রবেশ করেনি। প্রতিদিন মাত্র ২-৩টি ট্রাকই প্রবেশ করছে।
