মুক্তদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শিকার শিশুদের নিয়ে তাঁর উদ্বেগ জানিয়ে লেখা চিঠির জবাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর সঙ্গে একটি ‘খোলা যোগাযোগের মাধ্যম’ স্থাপনের পর ইউক্রেনীয় শিশুদের তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলন করানো সম্ভব হয়েছে।
গত আগস্টে আলাস্কা সফরের সময় পুতিনের হাতে পৌঁছে দেওয়া হয়েছিল ফার্স্ট লেডির সেই ‘শান্তির চিঠি’।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই চিঠির কিছু অংশ প্রকাশ করেন। তাতে পুতিনকে ইউক্রেনের যুদ্ধশিশুদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়ে মেলানিয়া লেখেন, ‘এটি শুধু রাশিয়ার উপকার করবে না, বরং সমগ্র মানবতার কল্যাণে আসবে।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে গতকাল শুক্রবার মেলানিয়া জানান, গত ২৪ ঘণ্টায় আটটি শিশুকে তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলিত করা গেছে। এই শিশুগুলো ইউক্রেন যুদ্ধের কারণে অস্থিরতা ও কষ্টের মধ্যে ছিল।
ইউক্রেনে ফেরত আসা এই আট শিশুর মধ্যে তিনটি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সম্মুখযুদ্ধের ফলে রাশিয়ায় চলে গিয়েছিল বলে জানান তিনি।
