স্পোটর্স ডেস্ক: আফগানদের বিরুদ্ধে সহজ ম্যাচ কঠিন করে জিতেছে টাইগাররা। মাত্র ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে হারের শঙ্কা জাগলেও শেষ পর্যন্ত নুরুল হাসান সোহানের ১৩ বলে ২৩ রানের অপরাজিত ইনিংস বাংলাদেশকেজয় এনে দিয়েছে। শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেট আর ৮ বল হাতে রেখে হারিয়েছে বাংলাদেশ।
টস জিতে ব্যাটিংয়ের নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে আফগানিস্তান। নাসুম আহমেদ ও তানজিম সাকিবের বোলিংয়ে মাত্র ৩১ রানের মধ্যে আউট হন ওপেনার ইব্রাহিম জাদরান (১৫) ও সেদিকুল্লাহ অটল (১০)। এরপর দলের কিছুটা ধারাবাহিকতা বজায় রাখলেও বাকিদের ব্যর্থতায় ৭৩ রানের মধ্যে আফগানরা হারায় ৫ উইকেট। তবে রহমানুল্লাহ গুরবাজের ৩১ বলে ৪০ রানের ইনিংস দলকে কিছুটা ভরসা দেয়। ৯৫ রানে আউট হওয়ায় আবারও চাপের মুখে পড়ে আফগান দল। শেষ দিকে অভিজ্ঞ মোহাম্মদ নবী (২৫ বলে ৩৮) ও শরাফতউল্লাহ আশরাফ (১২ বলে ১৭) ঝড়ো ব্যাটিংয়ে আফগানিস্তান ১৫১ রানের প্রতিপক্ষ তৈরি করতে সক্ষম হয়।
বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ৪ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন। তানজিম সাকিবও নেন ২ উইকেট। এছাড়া মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদও নেন একজন করে উইকেট।
১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১ ওভার পার হতেই বিনা উইকেটে ১০৯ রান তুলে ফেলে বাংলাদেশ। তানজিদ হাসান ও পারভেজ হোসেন ১০৯ রানের জুটি গড়েন কেবল ৭১ বলে। ওই সময় মনে হচ্ছিল, সহজেই বড় ব্যবধানে জিততে যাচ্ছে। কিন্তু বিপর্যয় ঘটে সেখানেই। মাত্র ৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে টাইগাররা।
দুই ওভারে চার শিকার ধরে ম্যাচের চিত্র বদলে দেন রাশিদ।ইফ হাসান শূন্যতেই ফেরেন রাশিদের গুগলিতে। আফগান অধিনায়ক ওই ওভারেই সরিয়ে দেন ৩৭ বলে ৫১ করা তানজিদকে। রাশিদ পরের ওভারে তিন বলের মধ্যেই বিদায় করে দেন অধিনায়ক জাকের আলি ও শামীম হোসেনকে। এরপর নুর আহমাদ যখন শূন্যতে ফিরিয়ে দেন তানজিম হাসানকে, বাংলাদেশকে তখন চোখ রাঙাচ্ছে অবিশ্বাস্য এক হার। বিনা উইকেটে ১০৯ থেকে ৬ উইকেটে ১১৮!
শেষ পর্যন্ত অবশ্য বিপদ হয়নি জাকের আলীর দলের। দুই ছক্কায় ১৩ বলে ২৩ রানে অপরাজিত থাকেন সোহান, ৯ বলে ১৪ রান করেন রিশাদ।৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগাররা। এতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৫১/৯ (ইব্রাহিম ১৫, আটাল ১০, গুরবাজ ৪০, রাসুলি ০, ইসহাক ১, ওমারজাই ১৮, নাবি ৩৮, আশরাফ ১৭*, রাশিদ ৪, নুর ৬; তাসকিন ৪-০-৪০-১, নাসুম ৪-০-১৮-১, তানজিম ৪-০-৩৪-২, মুস্তাফিজ ৪-০-২৪-১, রিশাদ ৪-০-৩৩-২)।
বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১৫৩/৬ (তানজিদ ৫১, পারভেজ ৫৪, সাইফ ০, জাকের ৬, শামীম ০, সোহান ২৩*, তানজিম ০, রিশাদ ১৪*; ফারিদ ৩-০-২৬-১, ওমারজাই ২.৪-০-৩২-০, নাবি ৩-০-২৭-০, রাশিদ ৪-০-১৮-৪, নুর ৪-০-২১-১, আশরাফ ২-০-২৫-০)ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: পারভেজ হোসেন।
