ক্রীড়া ডেস্ক: সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত যুব দলের সঙ্গে কাজ করতেন। তিনি এবার জাতীয় দলের নির্বাচক হলেন। গতকাল জানালেন, ‘যুব দলকে দেখে তারপর আসতে হবে। আমার জন্য দোয়া করবেন।’
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং আবদুর রাজ্জাকের সঙ্গে কাজ করবেন দীর্ঘদিন বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করা হাসিবুল। মূলত হান্নান সরকারের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। হান্নান সরকার কোচিংয়ে যোগ দেওয়ায় গত মার্চ মাস থেকে এ পদটি শূন্য ছিল।
ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ৫ টেস্টে ৬ ও ৩২ ওয়ানডেতে ২৯ উইকেট নিয়েছেন হাসিবুল। ১৯৯৭ সালের আইসিসি ট্রফিতে কেনিয়ার বিপক্ষে ফাইনালে বাংলাদেশের জয়সূচক রানটি এসেছিল শান্তর ব্যাট
থেকেই। ওই টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে ১১ উইকেট নিয়েছিলেন তিনি। ১৯৯৯ সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ দলের সদস্যও ছিলেন হাসিবুল হোসেন শান্ত।
