চট্টগ্রাম: নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার অনুরোধ জানিয়ে চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে তৈরি হয় ব্যাপক আলোচনা।
ওই ভিডিওতে দেখা গেছে, একটি সিএনজি অটোরিকশায় লুঙ্গি ও জার্সি পরা এক যুবক মাইকিং করে ঘোষণা দিচ্ছেন, আসসালামু আলাইকুম, সকল বাড়ির মালিককে জানানো যাচ্ছে, কর্ণফুলী থানা এলাকায় নতুন কেউ ভাড়াটিয়া ভাড়া নিতে এলে, সেই ভাড়াটিয়ার ভোটার আইডি কার্ডসহ অন্যান্য ডকুমেন্টস আগে থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধ ঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয়, তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে। নির্দেশক্রমে সিএমপি, কর্ণফুলী থানা।
এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেকর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, সরকার ঘোষিত নিষিদ্ধ সব সংগঠনকে বোঝানো হয়েছে। নির্দিষ্ট কোনো সংগঠনকে ইঙ্গিত করা হয়নি।
ওসি আরও বলেন, ভাড়াটিয়াদের তথ্য নেওয়ার বিষয়টি অনেক আগে থেকেই চলে আসছে। এবার তা আরও জোরালো করা হচ্ছে। কর্ণফুলীবাসীর নিরাপত্তার জন্যই তাদের সচেতন করা হচ্ছে।
