মুক্তদেশ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে শপথ পাঠের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ। রোববার দুপুর ১টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় এই কর্মসূচি।
প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান শপথবাক্য পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের নেতাকর্মীরা।
প্রথমেই তারা ঘোষণা দেন, অতীতের গণরুম প্রথা, গেস্টরুম নির্যাতন, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ এবং ভিন্নমতের ওপর দমন-পীড়ন চালানোর যে রাজনৈতিক অপসংস্কৃতি গড়ে উঠেছিল, তা আর কখনো ক্যাম্পাসে ফিরতে দেওয়া হবে না।
দ্বিতীয় প্রতিজ্ঞায় উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই মাসে গণআন্দোলনে বন্দুকের নলের সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা থেকে শুরু করে ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও দেশভাগের সময় ছাত্রসমাজের অবদানকে ধারণ করে তারা ভবিষ্যতেও গণতন্ত্র, স্বাধীনতা বা জনগণের মুক্তি হুমকির মুখে পড়লে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবেন।
নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে তৃতীয় প্রতিজ্ঞায় বলা হয়, ঢাবি ক্যাম্পাসকে নারীবান্ধব, সুরক্ষিত ও সমঅধিকারভিত্তিক এলাকায় পরিণত করা হবে। নিরাপদ আবাসন, স্বাস্থ্যসেবা ও ক্ষমতায়নের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
চতুর্থ প্রতিজ্ঞায় বলা হয়, বৈধ সিট নিশ্চিত করতে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি, সাশ্রয়ীমূল্যে স্বাস্থ্যসম্মত খাবার, মানসম্মত স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, সহজ যাতায়াতব্যবস্থা ও পরিবহন সুবিধা নিশ্চিত করতে কাজ করবেন তারা।
পঞ্চম প্রতিজ্ঞায় প্রার্থীরা জানান, শিক্ষার্থীদের অনলাইনে সুরক্ষা দেওয়ার জন্য সাইবার বুলিং, ভুয়া তথ্য, বিভ্রান্তি ও অনলাইনভিত্তিক সব ধরনের অপতৎপরতা প্রতিহত করা হবে।
