মুক্তদেশ ডেস্ক: ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভে শহরে গুলিতে নিহত হয়েছেন দেশটির সাবেক পার্লামেন্ট স্পিকার আন্দ্রি পারুবি। স্থানীয় সময় শনিবার (৩০ আগস্ট) দুপুরে অজ্ঞাত একজন বন্দুকধারী তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পালিয়ে যায় হামলাকারী। তাকে ধরতে দেশজুড়ে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানায়, এ হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। এখনও হত্যাকারীর পরিচয় কিংবা উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে কর্মকর্তারা এখনো নিশ্চিত করেননি যে এ হত্যাকাণ্ড সরাসরি রাশিয়ার চলমান যুদ্ধের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত কিনা।
রয়টার্সের খবরে বলা হয়, ৫৪ বছর বয়সী পারুবি ২০১৬ সালের এপ্রিলে ইউক্রেনের পার্লামেন্ট স্পিকার নির্বাচিত হন এবং ২০১৯ সালের আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০১৩-১৪ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের দাবিতে অনুষ্ঠিত ইউরোমাইদান আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তিনি।
