মুক্তদেশ ডেস্ক: রাশিয়ান তেল কেনা এবং বাণিজ্য শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যে যুক্তরাষ্ট্রে ডাকযোগে পার্সেল আদানপ্রদান সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ভারত। ডা যোগে পাঠানো কম মূল্যের পার্সেল প্যাকেজের ওপর, মার্কিন কাস্টমস শুল্ক আরোপের ঘোষণা দেয়ার পর এই পদক্ষেপ নিল নয়াদিল্লি।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় সমাধান পাওয়া গেলে দ্রুতই ডাক পরিষেবা পুনরায় চালু হতে পারে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২৫ আগস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পার্সেল পাঠানো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভারতের ডাক বিভাগ। তবে ভারতের পাশাপাশি একই পদক্ষেপ নিয়েছে ইতালিসহ ইউরোপের কয়েকটি দেশ। কারণ মার্কিন কাস্টমস কম মূল্যের প্যাকেজের ওপরও শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।
ভারতের ডাক বিভাগ শনিবার (২৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানায়, যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা সাময়িকভাবে স্থগিত থাকলেও ১০০ মার্কিন ডলার পর্যন্ত মূল্যের চিঠি, নথি এবং উপহার সামগ্রী পাঠানো যাবে। গত ৩০ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বাড়ানোর নির্বাহী আদেশের পর এই সিদ্ধান্ত নেয়া হলো। ২৯ আগস্ট থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে।
