মুক্তদেশ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী অনেকেই বড় বড় নেতা হয়েছেন, তবে শিক্ষার্থীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেছেন ছাত্র শিবিরের দেয়া ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম।
মঙ্গলবার (১৯ আগস্ট) ফরম জমা দেয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাদিক বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে সাধারণ শিক্ষার্থীদের চাওয়ার সঠিক বাস্তবায়ন করতে চায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বিগত সময়ে বিভিন্ন কমিটি এলেও সাধারণ শিক্ষার্থীদের সমস্যার সমাধান আমরা দেখতে পাইনি। ডাকসুকে ব্যবহার করে বড় বড় নেতার জন্ম হয়েছে, তবে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হয়নি। আমাদের ইশতেহারে সাধারণ শিক্ষার্থীদের চাওয়ার প্রতিচ্ছবি থাকবে এবং এসব চাওয়া পূরণে আমরা কাজ করবো।
এ সময় ফরম উত্তোলন ও জমা দেয়ার সময় বাড়ানোর সমালোচনা করে সাদিক বলেন, একটা দলের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশেষ দরদ কাজ করছে। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন পদে থাকা শিক্ষকদের একপাক্ষিক আচরণ দেখতে পেয়েছি, তাদের রাজনৈতিক আদর্শের প্রকাশ দেখতে পেয়েছি। এ ধরনের আচরণ আমরা দেখতে চাই না। শিক্ষকদের নিজ নিজ অবস্থান থেকে গ্রহণযোগ্য আচরণ করার আহ্বান জানান তিনি।
