বিনোদন ডেস্ক: শোবিজের প্রায় সব শাখায় অবাধ বিচরণ করা বাংলাদেশের জাঁদরেল অভিনেতা মোশাররফ করিম। নাটক, ওটিটি, বিজ্ঞাপনচিত্র এমনকি চলচ্চিত্র সবখানেই তার আধিপত্য। শুধু এপার বাংলাতেই নয়, ওপার বাংলার ওয়েব সিরিজ ও সিনেমাতেও সমানতালে কাজ করছেন সুনামের সঙ্গে। চাহিদার শীর্ষ এই তারকা দীর্ঘদিন ধরেই নাম-ভূমিকায় কিংবা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আসছেন। পাশাপাশি নানান রঙে, নানা ঢংয়ে দেখা যায় তাকে।
তবে বেশ কিছুদিন ধরে চলচ্চিত্র, ওয়েব সিরিজের সংখ্যা কমিয়ে দিয়ে আবার ব্যস্ত হয়ে পড়েছেন একক এবং ধারাবাহিক নাটকে। ইতিমধ্যে বেশ কয়েকটি একক ও ধারাবাহিক নাটকের কাজ শেষ করেছেন তিনি। অচিরেই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে এই তারকার নতুন নাটক ‘পাগলু’। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। বিপরীতে রয়েছেন মডেল অভিনেত্রী সাফা কবির। নাটকটিতে বয়সকে পাত্তা না দিয়ে তারুণ্যে ভেসে চলতে চাওয়া এক তরুণের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার জীবনের গল্প নিয়েই নির্মিত হয়েছে এ নাটক। এটি পরিচালনা করেছেন সালমান রহমান খান। নির্মাতা জানান, নাটকে হাস্যরসের মাধ্যমে এক সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তিনি।
একক নাটকের পাশাপাশি সম্প্রতি একসঙ্গে দুটি ধারাবাহিক নাটকেরও কাজ শেষ করেছেন মোশাররফ করিম। শামস করিমের পরিচালনায় নাটক দুটির নাম ‘রঙ্গিলা পুতুল’ এবং ‘৭ কিলো ১ গ্রাম’। এর মধ্যে ‘রঙ্গিলা পুতুল’ নাটকটি লিখেছেন মানস পাল এবং ‘৭ কিলো ১ গ্রাম’ নাটকটির রচয়িতা জুয়েল এলিন। দুটি নাটকেই মোশাররফের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী মিম চৌধুরী। এই জুটিকে নিয়ে প্রথমবার ধারাবাহিক নাটক নির্মাণ করছেন শামস করিম। সম্প্রতি দুটি নাটকেরই দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। বর্তমানে চলছে সম্পাদনার কাজ। শিগগিরই নাটক দুটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে।
নাটক দুটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘দুটি ধারাবাহিকের গল্প স্বাভাবিকভাবেই দুটি ভিন্ন প্লটের। আর শামস করিম সবসময়ই ভীষণ যত্ন নিয়ে কাজ করে। এরই মধ্যে আমার বন্ধু শামীম জামানেরও একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। যেখানে আমি, শামীম, আখম হাসান, জুঁইসহ আরও অনেকেই আছেন। প্রচারও শুরু হয়ে গেছে নাটকটির। রঙ্গিলা পুতুল ও ৭ কিলো ১ গ্রামও শিগগিরই প্রচারে আসবে। মিম এখন বেশ ভালো অভিনয় করছে। অভিনয়ের প্রতি তার ভালোবাসাটা প্রবল এবং ভালো করার চেষ্টা বা সংগ্রামটা তার মধ্যে আমি দেখেছি। সে আগামীতে আরও অনেক ভালো করবে। দুটি ধারাবাহিকেই মিম ভালো করার চেষ্টা করেছে। আশা করছি দুটি ধারাবাহিক প্রচারে এলে দুটি ধারাবাহিকই দর্শকের ভালো লাগবে।’
মোশাররফ করিমের সঙ্গে কাজ করা প্রসঙ্গে মিম চৌধুরী বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করা মানেই হলো শেখার অনেক কিছুই থাকে। ভাইয়ার সঙ্গে কাজ করলে অভিনয়ে নতুন অনেক কিছুই শেখা যায়, একটি চরিত্রকে কতটা পারফেক্টলি উপস্থাপন করা যায়, তা আরও গভীরভাবে শেখা যায়। ভাইয়ার সঙ্গে যতই নাটক প্রচার হয় ততই মনে হয় যে আরেকটু ভালো করতে পারলে আরও ভালো হতো, ভালো লাগত। তিনি নিজেও সচেতনভাবেই অভিনয়ের খুঁটিনাটি শেখান। আবার এমন অনেক গল্পও আছে যা প্রবল আগ্রহ নিয়েই শুনি, পরে আমাদের কাজে লাগে। শামস করিম ভাইকে ধন্যবাদ, দুটো নাটকেই আমাকে মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।’
এদিকে চলতি মাসের ১ তারিখে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে আয়োজিত ‘অষ্টম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস ২০২৫’-এ প্রদর্শিত হয় মোশাররফ করিম অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত-দ্য সার্কেল’। ২৪ মিনিট দৈর্ঘ্যরে এই চলচ্চিত্র বাংলাদেশের উপকূলবর্তী এক নারীর সংগ্রাম, সামাজিক চাপ এবং বৃত্ত ভেঙে মুক্তির আকাক্সক্ষাকে ঘিরে আবর্তিত হয়েছে বলে জানালেন পরিচালক। সংগ্রামী সেই নারীর চরিত্রে অভিনয় করেছেন রোবেনা রেজা জুঁই।
