মৌলভীবাজার: বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা এই অন্তর্বর্তী সরকারের সময় অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক দাবি ছিল। কিন্তু আমাদের সব স্বপ্নকে নির্বাচনের সাথে একমাত্র দাবিতে রূপান্তর করে ফেলা হয়েছে। আমরা বলেছি, আমরা নির্বাচন চাই। আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করা শক্তি। আমরা ভোটাধিকারের জন্য লড়াই করা শক্তি।
শনিবার দুপুরে মৌলভীবাজার শহরের বেড়ির পাড় পয়েন্টে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রায়’ অংশগ্রহণ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পরে আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্খা ছিল আকাশচুম্বী। আমরা বলেছিলাম তরুণদের কর্মসংন্থানের দাবিতে রাজপথে নেমেছিল। বাংলাদেশের জনগণ অর্থনীতির বৈষম্য বিলোপের দাবিতে রাজপথে নেমেছিল। বাংলাদেশের মানুষেরা মানবিক মর্যাদা নিজেদের স্বাধীনতার জন্য রাজপথে নেমেছিল। আমরা হয়তো সেই স্বাধীনতা গণতন্ত্র পেলেও এখনও অর্থনৈতিক স্বাধীনতা আমাদের কর্মসংস্থানের যেই দাবি সেই দাবি পূরণ করতে পারি নাই।
নাহিদ ইসলাম বলেন, আমরা জানি মৌলভীবাজার সীমান্তবর্তী জেলা। এজেলার সাথে আসাম, ত্রিপুরা সীমান্ত রয়েছে। এই আসাম ত্রিপুরার সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক ছিল। সাংস্কৃতিক সম্পর্ক ছিল। আমার জানি আসামে দীর্ঘ দিন ধরে বাঙালিবিরোধী আন্দোলন চলছে। আমরা কয়েক বছর আগে এই হিন্দুত্ববাদী মোদীকে দেখেছি এনআরসি আইনের মাধ্যমে আসামে মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণির নাগরিকত্বে পরিণত করেছে।
