খেলা ডেস্ক: পুঁজি ছিল অল্প। কিন্তু তারপরও বোলারদের দাপটে দুর্দান্ত জয় পেল বাংলাদেশ। জিতল ৮ রানে। তাতে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ তে নিশ্চিত করল লাল-সবুজের প্রতিনিধিরা। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতে ইতিহাস গড়লেন লিটন দাসরা। মিরপুরে ছোট সংগ্রহ বাংলাদেশের জন্য কোনো ব্যাপারই না। এটা ফের প্রমাণ করল দেশের ছেলেরা। প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। এবারও লো স্কোরিং ম্যাচে জয় ছিনিয়ে নিল দামাল ছেলেরা। টানা জয়ে সিরিজ ট্রফি নিজেদের করে নিল টাইগাররা।
লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে গিয়েছিল পাকিস্তান। ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে যোগ দিলে ১৫ রানেই সফরকারী হারিয়ে ফেলেছিল ৫ উইকেট। পরে ৮৮ রান তুললে গিয়ে নাই হয়ে যায় তাদের ৮ উইকেট। বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পাকিস্তানকে প্রায় জয়ের দোরগড়ায় পৌঁছে দিয়েছিলেন ফাহিম আশরাফ। ৩২ বলে ৪টি করে বাউন্ডারি ও ছক্কায় তার ৫১ রানের দারুণ ইনিংসের ওপর ভর করে বিপর্যয় কাটিয়ে উঠলেও লাভ হয়নি। শেষ হাসি হাসতে পারেনি সালমান আগার দল। ১৯.২ ওভারে ১২৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ৩টি উইকেট শিকার করেন। দুটি করে উইকেট নেন মাহেদি হাসান ও তানজিম হাসান সাকিব।
