খেলা ডেস্ক: সিরিজ জয় নিশ্চিতের আগে এই ঝুঁকি কেউই নিতে চায় না। অথচ বাংলাদেশ আজ সেই ঝুঁকি নিয়েই পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয় পাওয়া টাইগাররা সিরিজ জয় নিশ্চিতের ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনে ব্যাটিংয়ে নেমেছে। তানজিদ হাসান তামিম ও তাসকিন আহমেদের জায়গায় দলে ফিরেছেন নাঈম শেখ ও শরিফুল ইসলাম। পারভেজ হোসেন ইমনের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামা নাঈম ফিরলেন ব্যর্থতা সঙ্গী করে।
মঙ্গলবার (২২ জুলাই) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ। এদিন তানজিদ তামিমের জায়গায় একাদশে জায়গা পাওয়া নাঈম শেখ সুযোগটা কাজে লাগাতে পারলেন না। ৭ বলে মাত্র ৩ রান করেই আউট হয়ে গেছেন এই বাঁহাতি।
দলে ফিরে আগের সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে চারে নেমেছিলেন নাঈম। তাকে চার নম্বরে খেলানোর সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি টাইগার সমর্থকরা। সেই ম্যাচে ২৯ বলে ৩২ রানের ইনিংস খেলে সমালোচিত হন নাঈম নিজেও, বাদ পড়েন পরের দুই ম্যাচে।
আজ পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে ফিরেও ব্যর্থ তিনি। ৭ বলে ৩ রান করে ফাহিম আশরাফের বলে স্কুপ করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন এই বাঁহাতি ওপেনার। বাংলাদেশ প্রথম উইকেট হারাল মাত্র ৫ রানে।
নাঈমের পর ক্রিজে আসা অধিনায়ক লিটন দাসও ফিরেছেন ক্যাচ দিয়ে। সালমান মির্জার করা পঞ্চম ওভারের প্রথম বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন লিটন। সাজঘরে ফিরেছেন ৯ বলে ৮ রান করে।
