মুক্তদেশ ডেস্ক: জুলাই-আগস্টে ‘হত্যা-গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক ৭ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিপরিষদের সদস্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দীপু মনি, আমির হোসেন আমু, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৩৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই ৩৯ জনের মধ্যে সাবেক আমলা, পুলিশ কর্মকর্তারা রয়েছেন।
রোববার (১৯ জুলাই) কারাগার থেকে প্রিজনভ্যানে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এসব মামলার শুনানি হবে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্টে ‘হত্যা-গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার মন্ত্রিপরিষদের সদস্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
