পটুয়াখালী: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেমের বদল করতে হবে। কিন্তু এই সিস্টেমকে পাহারা দিতে নতুন দলের অর্বিভাব ঘটেছে। সেই সিস্টেম, সেই দুর্নীতি, সেই চাঁদাবাজিকে আগে একটি দল পাহাড়া দিত। এখন নতুন আরেকটি দল পাহাড়া দিচ্ছে, টিকিয়ে রাখছে। গণঅভ্যুত্থানের পরে শুধু হাসিনার পতন নয়, সেই দুর্নীতি মাফিয়া সিস্টেমের পতন চেয়েছি।
আজ সোমবার দুপুর পৌনে দুইটায় পটুয়াখালী পৌরশহরের শহীদ হৃদয় তরুয়া চত্বরে ’দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকার আমাদের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র করেছে, গণঅভ্যুত্থানের পর সেই দুর্নীতি মাফিয়াদের সিস্টেম, সেই সেনাবাহিনী, আমলাতদন্ত্রের সিস্টেম আমাদের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলমান রেখেছে। ডিজিএফআই থেকে শুরু করে বাংলাদেশের স্টাবলিস্টমেন্টগুলো অভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছে এবং বিভাজন তৈরি করেছে।
সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মূলধারার গণমাধ্যমেও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাদের নেতাদের দুর্নীতিবাজ হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চলাচ্ছে। আমরা এর জবাব দেব জনসমর্থনের শক্তিতে।
