আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে নারীদের ওপর দমন-পীড়নের অভিযোগে তালেবানের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। মঙ্গলবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, আফগান নারীদের নির্যাতনের অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
হেগ-ভিত্তিক আদালত বলছে, ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে তালেবানের শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এবং প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানি মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে।
২০২১ সালে ক্ষমতা নেওয়ার পর নারীদের ওপর একাধিক বিধিনিষেধ কার্যকর করেছে তালেবান সরকার। যার মধ্যে রয়েছে ১২ বছরের বেশি বয়সী মেয়েদের শিক্ষা গ্রহণে বাধা দেওয়া এবং বেশিরভাগ পেশায় মেয়েদের চাকরি করা নিষিদ্ধ করা হয়। এমনকি পুরুষ অভিভাবক ছাড়া নারীর দূরে ভ্রমণ নিষিদ্ধ করে তালেবান।
গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় তালেবান বলেছে যে তারা আইসিসিকে স্বীকৃতি দেয় না। এই পরোয়ানাকে ‘স্পষ্ট বৈরিতা এবং বিশ্বজুড়ে মুসলমানদের বিশ্বাসের প্রতি অবমাননা’ হিসেবে বর্ণনা করেছেন তারা।
