যবিপ্রবি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ৩২৫ জন মেধাবী ও অর্থনৈতিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। এরমধ্যে প্রথম ধাপে ২৮৯ জন শিক্ষার্থীকে অভ্যন্তরীণ বৃত্তি প্রদান করা হয়েছে এবং দ্বিতীয় ধাপে বাকি ৩৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেয়া হয়। প্রতিটি শিক্ষার্থীকে পাঁচ মাসের বৃত্তি বাবদ ৫ হাজার টাকার চেক প্রদান করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
২০২৪-২০২৫ অর্থবছরের জন্য অভ্যন্তরীণ বৃত্তি তহবিল থেকে এ অর্থ বরাদ্দ করা হয়। বৃত্তির আওতায় প্রত্যেক শিক্ষার্থী মাসে ১ হাজার টাকা করে বছরে সর্বমোট ১২ হাজার টাকা পাবেন। বৃত্তির অর্থ প্রতি মাসের শুরুতেই শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে এমন শিক্ষার্থীদের বেছে নেওয়া হয়েছে যারা মেধাবী, দরিদ্র এবং অন্য কোনো উৎস থেকে বৃত্তি গ্রহণ করছেন না।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদানই আমাদের মূল লক্ষ্য। নিজেদের লক্ষ্য ঠিক রাখতে হবে, তাহলেই সাফল্য আসবে। নিজের বুদ্ধি এবং সঠিক বন্ধুর নির্বাচন একজন শিক্ষার্থীর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
