আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ন্যাশনাল ইরানি আমেরিকান কাউন্সিলের (এনআইএসি) প্রেসিডেন্ট জামাল আবদি। তার দাবি, ট্রাম্প বাস্তবে বুঝতেই পারছেন না এই উসকানিমূলক হামলার পরিণতি কী হতে পারে। খবর আলজাজিরার।
আবদি বলেন, এটা খুবই নাটকীয় এবং উসকানিমূলক এক পদক্ষেপ। আমার মনে হয় না যে ট্রাম্প জানেন এর ফল কী হতে পারে। তিনি কোনো কৌশলগত বা কূটনৈতিক লক্ষ্য নিয়ে এগোননি। যদি ইরান এর জবাব দেয়, তাহলে েএর জন্য কী পরিকল্পনা আছে—তাও পরিষ্কার নয়।
তিনি অভিযোগ করেন, আমেরিকা ফার্স্ট’ স্লোগানের আড়ালে ট্রাম্প এমন এক পথে হাঁটছেন, যা যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। তিনি বলেন, অনেকেই এখন মনে করছেন, ট্রাম্প যেন আমাদের সঙ্গে একপ্রকার খেলা খেলেছে। আমরা তার প্রথম মেয়াদ থেকেই বুঝতে পারতাম, সে আসলে কী করতে চায়। তখনই যদি আমরা কার্যকর কিছু করতাম, তাহলে হয়তো আজকের এই পরিস্থিতি এড়ানো যেত।
আবদি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পক্ষে কাজ করে আসছেন। তার মতে, ট্রাম্পের এই পদক্ষেপ কেবল উত্তেজনা বাড়াবে এবং মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের আশঙ্কা তৈরি করবে।
