বিনোদন ডেস্ক: সিনেমা নিয়ে দুই বাংলায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া আহসান। গত মাসে ‘জয়া আর শারমিন’ মুক্তির পর ঈদে প্রেক্ষাগৃহে এসেছে তার অভিনীত ‘উৎসব’ ও ‘তাণ্ডব’। এবার জানা গেল, জুলাইয়ে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে জনপ্রিয় এই অভিনেত্রীর সিনেমা ‘ডিয়ার মা’।
কলকাতায় এক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পোস্টার প্রকাশ করে জানানো হয়, ১৮ জুলাই থেকে দর্শক এটি সিনেমা হলে উপভোগ করতে পারবেন। মা, সন্তান, সম্পর্ক, পরিবার- এসব নিয়ে লেখা হয়েছে ‘ডিয়ার মা’-এর গল্প। সিনেমায় একজন মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া। অন্যান্য চরিত্রে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, চন্দন রায় স্যানাল প্রমুখ। জয়া বলেন, ‘নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী সন্তান দত্তক নেওয়ার ঘটনার মোড়কে দারুণ একটি থ্রিলারের গল্প বলেছেন।’ এর আগে এই পরিচালকের ‘কড়ক সিং’ দিয়ে প্রথমবার হিন্দি সিনেমায় কাজ করেন জয়া। ২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেয়েছিল এটি।
চলতি সপ্তাহেই জয়া শুরু করেছেন কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং। প্রথম পর্বের মতো এবারও অভিনেত্রীর সঙ্গে থাকছেন কৌশিক সেন ও চূর্ণি গাঙ্গুলি। তাদের সঙ্গে নতুন পর্বে যুক্ত হচ্ছেন ইন্দ্রাশিস রায়। সুমনের (কৌশিক) অসুস্থতাকে কেন্দ্র করে তার সাবেক স্ত্রী শুভ্রা (চূর্ণি) ও বর্তমান স্ত্রী মেঘনার (জয়া) দেখা হওয়া এবং টানাপড়েনকে ঘিরে তৈরি হয়েছিল অর্ধাঙ্গিনীর প্রেক্ষাপট। আগের ঘটনার বছর দুয়েক পর সিনেমার নতুন পর্বে একটা বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হয় সুমন, শুভ্রা ও মেঘনা।
