সারমিন জাহান: দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রস্তাবে একমত হলেও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য নির্বাচনে একমত নয় বিএনপি। এক্ষেত্রে দলটির দাবি, বাংলাদেশের বাস্তবতায় সংখ্যানুপাতিকের উচ্চকক্ষে দুই-তৃতীয়ংশ আসন পাবে না সংখ্যাগরিষ্ট দল, সেক্ষেত্রে আইন প্রনয়ণ ও সংবিধান সংশোধনে প্রতিবন্ধকতায় পড়তে হবে। দলটি বিদ্যমান সংরক্ষিত নারী আসন (আসনের অনুপাত) নির্বাচনের পদ্ধতিতে উচ্চকক্ষ নির্বাচনের পক্ষে।
এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচনের বিষয়ে বোধ হয় এখন আমাদের কনসাইডার (বিবেচনা) করা ঠিক হবে না।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের চতুর্থদিনের আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ।
দ্বিকক্ষবিশিষ্ট সংসদের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের ধারণা এজন্য দিয়েছিলাম যে, দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানীসহ বিভিন্ন সেক্টরে যাদের অবদান আছে। যাদের চিন্তাধারা, অবদান জাতিকে এগিয়ে নিয়ে যাবে তাদেরকে প্রতিনিধিত্ব আকারে এখানে যুক্ত করার জন্যই দ্বিকক্ষবিশিষ্ট সংসদের কথা বিবেচনা করেছিলাম। আমরা উচ্চকক্ষের ক্ষেত্রে সরাসরি ভোটের কথাও বলি নাই। সর্বাধিক বিবেচনায় আমরা মনে করি, পিআর পদ্ধতিটা এখানে সঠিক হবে না।’
