পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা নৌবন্দর পরিদর্শন করেছেন শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) প্রতিনিধিরা। তারা এ বন্দরকে আরও গতিশীল করতে চ্যানেলের গভীরতা বৃদ্ধি ও উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা তৈরির ওপর জোর দেন। গত বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তারা বন্দরের ব্যবস্থাপনা ও অবকাঠামোর উন্নয়নকাজ পরিদর্শন করেন।
এসসিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল আহ্সানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেনÑ সংগঠনটির পরিচালক আরজু রহমান ভুঁইয়া, সৈয়দ মো. বখতিয়ার, জিয়াউল ইসলাম এবং আতাউর রহমান খান। এ সময় পায়রা বন্দর কর্তৃপক্ষের উপ-প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার রাঈম জারীফ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ঝামেলামুক্তভাবে জাহাজ নোঙরের ব্যবস্থা, জটমুক্ত বন্দর, বন্দর ব্যবহারে ব্যয় স্বল্পতা, কম সময়ে পণ্য খালাসের ব্যবস্থা এবং পরিবেশবান্ধব সরঞ্জাম ব্যবহারে জোর দেন এসসিবি প্রতিনিধিরা। এ ছাড়া পায়রা বন্দরকে গতিশীল করতে বন্দরের আধুনিকীকরণ, চ্যানেলের গভীরতা বৃদ্ধি এবং উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা তৈরির ওপর জোর দেন তারা। এসব শর্ত পূরণ করে বন্দরটি সম্পূর্ণরূপে চালু হলে দেশের ব্যবসা-বাণিজ্যের ব্যাপক সম্প্রসারণ ঘটবে এবং চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমবে বলে আশা প্রকাশ করে এসসিবি প্রতিনিধি দল।
