বিনোদন ডেস্ক: গুণী অভিনেতা আবুল হায়াতের সঙ্গে প্রথমবার একসঙ্গে কাজ করলেন রিচি সোলায়মান। বাবা দিবসের একটি গানচিত্রে হাজির হচ্ছেন দুজনে। এটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। ‘বাবা শুনতে কি পাও’ শিরোনামের গানটি তৈরি করেছেন প্রান্তিক সুর। কণ্ঠ দিয়েছেন ও কথা লিখেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী শিরিন চৌধুরী। গানের কথার সূত্র ধরে গল্পনির্ভর ভিডিওটিতে আবুল হায়াত অভিনয় করেছেন বাবার চরিত্রে। আর রিচিকে দেখা যাবে মেয়ের চরিত্রে। এতে আরও একটি চরিত্রে অভিনয় করেছেন হুমায়ুন চৌধুরী।
নির্মাতা জানান, গানচিত্রে একটি সুন্দর সামাজিক বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিয়ের পর একটা মেয়ের স্বপ্ন যেন মরে না যায় এবং শুধু মানুষটাকে নয়, তার স্বপ্নকেও ভালোবাসার সংবেদনশীল এবং হৃদয়স্পর্শী বাবার অনুরোধের বার্তা থাকছে এতে। চয়নিকা চৌধুরী বলেন, ‘হায়াত আংকেল খানিকটা অসুস্থ ছিলেন। তবুও আমার অনুরোধে এবং গানের গল্প শুনে তিনি সময় দিয়েছেন আমাকে। রিচিও বেশ আগ্রহ নিয়ে কাজটি করেছে। আমার বিশ্বাস, এই গানের গল্প দর্শকদের কাঁদাবে, ভাবাবে।’ বাবা দিবসে (১৫ জুন) সিংগিস্টিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।
