বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে রাজধানীর কাকরাইলে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সমর্থকরা। বুধবার সকাল থেকে সমর্থকরা জড়ো হয়ে দুপুর থেকে বিক্ষোভ শুরু করেন।
এর আগে ৬ষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে চলছে ‘ব্লকেড কর্মসূচি’ পালন করেছেন নেতাকর্মী ও সমর্থকরা। এর ফলে গুলিস্তানসহ আশপাশের বেশকিছু শাখা সড়ক বন্ধ থাকায়, জনদুর্ভোগ সৃষ্টি হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায়ে মেয়র হিসেবে ইশরাকের নাম ঘোষণার পরও সরকার তাকে শপথ নেয়ার সুযোগ দিচ্ছে না। তারা সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে অবিলম্বে শপথ অনুষ্ঠান আয়োজনের দাবি জানান। একই সঙ্গে তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন।
এ বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, বিষয়টি এখনও উচ্চ আদালতে বিচারাধীন। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শপথের ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।
গত ২৭ মার্চ ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ের পর, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
