ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়নস লিগ জয়ের আশায় ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে প্রথম মৌসুমে চ্যাম্পিয়নস লিগ তো দূর কোপা দেল রে শিরোপা হারিয়ে এখন লিগ হাতছাড়া হওয়ার ক্ষণ গুনছে তার দল। যদিও মৌসুমজুড়ে দুর্দান্ত ফর্মে ছিলেন এমবাপ্পে।
গত ১১ মে এল ক্লাসিকোতে রিয়াল হারলেও হ্যাটট্রিক করেছিলেন এমবাপ্পে। পরে গতকাল বুধবার রাতে লা লিগার আরেক ম্যাচে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। ৬৮তম মিনিটে রিয়ালের হয়ে প্রথম গোলটি দেন এমবাপ্পে। এর মাধ্যমে ভেঙে ফেলেন ৭২ বছর পুরোনো একটি রেকর্ড।
রিয়ালের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে প্রথম মৌসুমেই লা লিগায় ২৮টি গোল করেছেন এমবাপ্পে। এতদিন ২৭ গোল নিয়ে সবার ওপরে ছিলেন রিয়াল কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো। ১৯৫৩-৫৪ মৌসুমে সেই রেকর্ড গড়েছিলেন স্টেফানো। ১৯৯৭ সালে বার্সেলোনার হয়ে ব্রাজিলের রোনালদোও ২৮টি গোল করেছিলেন। আর এক গোল করলেই তাকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে।
রিয়ালের হয়ে চলতি মৌসুমে সব সংস্করণে ৪০ গোল দিয়েছেন এমবাপ্পে। অভিষেক মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমারাও এই মাইলফলক অর্জন করতে পারেননি। অভিষেক মৌসুমেই রিয়ালের হয়ে সর্বোচ্চ গোল দেওয়ার রেকর্ড এমবাপ্পের।