রাজধানীর শাহবাগে কয়েক দিন ধরে নাটক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার ঢাকা-৭ আসনের সাবেক এমপি প্রয়াত নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর ১০ম শাহাদতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ‘বিগত কয়েক দিন যাবৎ নাটক চলছে শাহবাগে। যেসব এলাকায় সভা-সমাবেশ করা নিষিদ্ধ সেসব এলাকায় সরকারি দল এনসিপি কীভাবে আন্দোলন করে? আর কিসের জন্য আন্দোলন করে?’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বিভিন্নভাবে বিএনপির পিছে লেগেছে বিএনপির নিন্দুকেরা। তারা বলছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। বিএনপির ঠ্যাকা পড়ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার। বিগত ১৫ বছর যাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে, বয়স বেড়ে গেছে যাদের অত্যাচারে, তাদের কোন দুঃখে পুনর্বাসন করব আমরা!’
তিনি বলেন, ‘আমি নিজেকে একজন দেশপ্রেমিক নাগরিক মনে করি। আমরা কি পরাধীন রাষ্ট্রে বসবাস করি? আমি কেন সেন্টমার্টিন, সাজেক, বাঘাইছড়ি যেতে পারব না? এই দেশটাকে যুদ্ধ করে স্বাধীন করেছি কারও কাছে বিক্রি করে দেওয়ার জন্য না।’