মুক্তদেশ ডেস্ক: গোপালগঞ্জ ও পাবনার ঈশ্বরদীতে পৃথক সংঘর্ষ ও হামলার ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন এবং ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলিতে পাঁচজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। স্থানীয় সূত্র জানায়, মিছিলটি গ্রামে পৌঁছালে হিরণ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা মশিউর রহমান এবং আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ১০ জন আহত হন। এ সময় পাঁচটি দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।
আহতদের মধ্যে মশিউর রহমান (৪২), মিকাইল ইসলাম টুটুল (৫২) ও জায়েদ শেখ (৩৬) রয়েছেন। তাঁদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। টুটুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মশিউর রহমানের দাবি, দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল নিয়ে দক্ষিণ হিরণ গ্রামে গেলে শফিকুল ইসলাম লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা করেন। অন্যদিকে শফিকুল ইসলামের অভিযোগ, মশিউর রহমান প্রথমে তাঁর ওপর হামলা চালান। এতে তিনি ও তাঁর পক্ষের কয়েকজন আহত হন এবং তাঁদের দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়।
কোটালীপাড়া থানার ওসি নয়ন চন্দ্র দেবনাথ জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলিতে পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মুখোশধারী একদল দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। আহত পাঁচজন হলেন মিজান খাঁ, রিফাত হোসেন, মহিদুল ইসলাম মাহিদ, নাজমুল হাসান রিশাদ ও রবিউল ইসলাম। তাঁদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান আসাদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। কারা এতে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
