মুক্তদেশ ডেস্ক: মাদক পাচার ও অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বলিভিয়ার সাবেক জ্যেষ্ঠ বিচারপতি আলদো কেসাদাকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের সমর্থনে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে মাদক চক্রের সঙ্গে জড়িত সন্দেহভাজন কর্মকর্তাদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বলিভিয়ার কৌঁসুলি মার্সেলো ইনচাউস্তি সাংবাদিকদের জানান, বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর সান্তা ক্রুজে নিজের বাড়ি থেকে কেসাদাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক পাচার ও অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
কেসাদা গত মাসে সান্তা ক্রুজ বিভাগীয় আদালতের প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন। মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হওয়ার পর তিনি পদত্যাগ করেন।
একই নীতির আওতায় যুক্তরাষ্ট্র কলম্বিয়া, ইকুয়েডর ও পেরুর কয়েকজন কর্মকর্তার ভিসাও বাতিল করেছে।
গত সেপ্টেম্বর থেকে বলিভিয়ার বেশ কয়েকজন জ্যেষ্ঠ বিচার বিভাগীয় কর্মকর্তাকে মাদক চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দেশটির সাবেক অ্যাটর্নি জেনারেল রজার মারিয়াকাও রয়েছেন।
