স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৯৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। রোডেশিয়ানদের দেওয়া ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭২ রানেই গুটিয়ে যায় তাওহীদ হৃদয়ের দল।
শনিবার (১৭ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফ্রিকার দলটি।
নির্ধারিত রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তানজিদ তামিমের ব্যাটে দারুণ শুরুই করেছিলো বাংলাদেশ। ওপেনিং জুটিতেই আসে ৪৭ রান। এরপর রাতের আলো বাড়ার সাথে সাথে পালটে যায় দৃশ্যপট।
জিম্বাবুয়ের বোলারদের সামনে রীতিমতো আসা যাওয়ার মিছিলে নামে টাইগার ব্যাটাররা। ৯ রানে সৌম্য থেকে শুরু তামিম, শান্ত, হৃদয়, মোসাদ্দেক, সাইফরা সাজঘরে ফিরেছেন নিয়মিত বিরতিতে।
এতে ১২৯ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা। তামিমের ব্যাটে আসে সর্বোচ্চ ৪৬ রান। ম্যাচের ফলাফল তখন স্রেফ আনুষ্ঠানিকতা। শেষ পর্যন্ত ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের ৫ ব্যাটার বিদায় নেন এক অঙ্কের রানে।
জিম্বাবুয়ের হয়ে ৪৫ রানে ৪ উইকেট তুলে নেন ব্রড ইভান্স। ২টি করে উইকেট পান সিকান্দার রাজা ও মাসাকাদজা।
এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় জিম্বাবুয়ে। ইনিংসের শুরুতেই প্রতিপক্ষ শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ। তার করা প্রথম ওভারের শেষ বলেই এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ওপেনার ব্রায়ান ব্রেনেট।
