বিনোদন ডেস্ক: বলিউডের অসংখ্য বিয়ের গানে মিশে আছে তার মুখ। কখনো প্রেমিকের ভূমিকায়, কখনো বিয়ের আনন্দে মাতোয়ারা নায়ক হিসেবে, পর্দায় প্রেম আর সম্পর্কের নানা রঙ ছড়িয়েছেন তিনি। তার গানে নেচেছেন হাজারো বর-কনে, আনন্দে মেতেছেন অসংখ্য পরিবার। অথচ বাস্তব জীবনে সেই সালমান খানই রয়ে গেছেন অবিবাহিত।
সম্প্রতি কারণ জোহারের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ কারণ’ নবম সিজনে নিজের বাবা হওয়ার ইচ্ছা নিয়ে কথা বলেন সালমান। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, নিজের সন্তান না থাকার অভাব অনুভব করেন কি না। জবাবে নিজের সন্তান চাওয়ার ইচ্ছার কথা স্বীকার করেছেন। ভাইজান নাকি পরিবারের গুরুত্ব ও মানসিক নির্ভরতা এবং জীবনে সঙ্গীর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছেন বলেও জানা যাচ্ছে।
এদিকে ‘কফি উইথ করণ এর নতুন সিজনের প্রচার ঝলকেও নজর কেড়েছেন সালমান। করণের সঙ্গে কথোপকথনে উঠে এসেছে হাসি-ঠাট্টা, পুরোনো স্মৃতি আর ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গ। করণ যখন তাকে প্রশ্ন করেন, তিনি এখনো কুমার কি না, তখন মজার ছলে সালমানের উত্তর, ‘সংযত হও ভাই, সংযত হও।’
হাস্যরসের আড়ালে অবশ্য জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথাও উঠে এসেছে। করণ জানান, আগের তুলনায় সালমান এখন অনেক বেশি শান্ত ও সংযত। উত্তরে অভিনেতা বলেন, এত দিন অন্যদের যে পরামর্শ দিয়ে এসেছেন, এবার নিজের সেই পরামর্শ মেনে চলার সময় এসেছে।
যে মানুষটি পর্দায় বারবার ভালোবাসার গল্পকে পূর্ণতা দিয়েছেন, তার নিজের জীবনের গল্পটি এখনো যেন এক অসমাপ্ত অধ্যায়। পারিবারিক আবেগের গল্পে যিনি কোটি দর্শকের হৃদয় ছুঁয়েছেন, তাঁর নিজের জীবনে এখনো অপূর্ণ রয়ে গেছে ছোট্ট একটি হাত ধরে বাবা হওয়ার স্বপ্ন।
