মুক্তদেশ ডেস্ক: ইরানের জনপ্রিয় অভিনেত্রী এলনাজ শাকারদুস্তের এক বছরের কারাদণ্ড বহাল রেখেছে দেশটির আপিল আদালত। জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভ দমনের সময় নিহত আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানানোয় তার বিরুদ্ধে এই সাজা দেওয়া হয়েছিল।
দুই দশকের অভিনয়জীবনে কয়েক ডজন চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকারদুস্ত। বিক্ষোভে কর্তৃপক্ষের দমন-পীড়নে হাজারো মানুষ নিহত হওয়ার পর গত ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন, তিনি আর কখনো ইরানে অভিনয় করবেন না।
যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি এবং স্বাধীন সংবাদমাধ্যম এমতেদাদ জানিয়েছে, তেহরানের একটি আদালত তার আপিল খারিজ করে আগের সাজা বহাল রেখেছে। তার আইনজীবীর বরাত দিয়ে তারা আরও জানায়, এক বছরের কারাদণ্ডের পাশাপাশি দুই বছরের জন্য রাজনৈতিক, শিল্প-সাংস্কৃতিক ও অনলাইন কর্মকাণ্ডে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।
শাকারদুস্ত বর্তমানে কোথায় আছেন, তা জানা যায়নি।
ফেব্রুয়ারিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি আমার প্রিয়জনদের শোকে শোকাহত; এমন পরিস্থিতিতে কোনো উৎসব, কোনো উদযাপন কীভাবে হতে পারে? আমি কোনো উদযাপনে অংশ নেব না এবং এই রক্তের গন্ধমাখা মাটিতে আর কখনো কোনো চরিত্রে অভিনয় করব না।’
সূত্র: আল জাজিরা
