মুক্তদেশ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সাথী পদ হারিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর ও জেলা কমিটিতে অর্থের বিনিময়ে পদ দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান। তিনি বলেন, ‘ঘটনাটি ২০২৫ সালের। কিছু অনিয়মের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।’
জানা যায়, চলতি বছরের ৩১ জুলাই রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সালের স্বাক্ষরিত একটি চিঠিতে আম্মারের বিরুদ্ধে একাধিক সাংগঠনিক অভিযোগের বিষয় উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, ‘নৈতিক পদস্খলন, মৌলিক ইবাদত পালনে উদাসীনতা, মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ, অবৈধ অর্থনৈতিক লেনদেন ও সম্পদের তসরুপ এবং সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য পরিপন্থি কাজে জড়িত থাকার’ অভিযোগে ২০২৫ সালের ফেব্রুয়ারির মাসিক সেক্রেটারিয়েট সভায় তার সাথীপদ মূলতবি করা হয়েছিল।’
