বিনোদন ডেস্ক: ইতালিতে হামলার বিষয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতাকর্মীদের উদ্দেশ্য বলেছেন, দলকানা না হয়ে পরিবারের কথা ভাবুন। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বাঁধন সাংবাদিকদের এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা তার খোঁজ-খবর নেওয়ায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান বাঁধন। তিনি বলেন, হামলার ওই ঘটনায় বিদেশের মাটিতে বাংলাদেশের নাম ক্ষুণ্ন হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের নিয়ে বাঁধন বলেন, ‘আমি একটা কথা বলতে চাই, যাঁরা এই দলের সাপোর্টার, তাঁদের জন্য আমার একটাই কথা, আপনারা দলকে ভালোবাসতে পারেন, সাপোর্ট করতে পারেন, কিন্তু আপনারা দলকানা হইয়েন না। আজকে আপনার বিচার হলে আপনার পরিবার সাফার করবে।’
‘বড় বড় নেতা যারা আছেন, আরামে দেশে–বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। যারা বিদেশের মাটিতে বসে অডিও বার্তা, ভিডিও বার্তা দিয়ে আপনাদের উসকে দিচ্ছেন, তাদের জীবনটা কিন্তু আপনাদের মতো নয়। আপনারা মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে টাকাগুলো বাংলাদেশে পাঠান। আপনারা প্লিজ এটা কইরেন না। এটা আমার রিকোয়েস্ট। আপনারা যেটা করেছেন, সেটা খুবই অন্যায় হয়েছে,’ বলেন অভিনেত্রী।
