মুক্তদেশ ডেস্ক: তুরস্কের নৌবাহিনী ও সোমালিয়ার সশস্ত্র বাহিনী যৌথভাবে সোমালিয়ার জলসীমায় ছিনতাই হওয়া একটি জাহাজ মুক্ত করেছে। কয়েক দিন ধরে চলা সংঘর্ষে ১৪ জন জলদস্যু নিহত হয়েছে বলে শনিবার সোমালি সরকার জানিয়েছে।
সোমালি সরকারের এক বিবৃতিতে বলা হয়, “১০ দিনব্যাপী অভিযানে জলদস্যুদের ব্যবহৃত চারটি নৌকা ধ্বংস করা হয়েছে এবং ১৪ জন জলদস্যু নিহত হয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “অব্যাহত সামরিক চাপের কারণে অবশেষে অবশিষ্ট জলদস্যুরা জাহাজটি ছেড়ে পালাতে বাধ্য হয়।”
এরপর বাহিনী MV LATUF জাহাজটির নিয়ন্ত্রণ নেয় এবং জাহাজটি নিরাপদে তার যাত্রা পুনরায় শুরু করেছে।
Marine Traffic ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জাহাজটি ক্যামেরুনের পতাকাবাহী এবং জুলাইয়ের শেষ দিকে তুরস্ক থেকে তানজানিয়ার দার এস সালাম বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে তুরস্কের তৈরি অস্ত্র ছিল। তবে AFP-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে সোমালিয়ার ফেডারেল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেনি।
দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় তুরস্ক-সোমালিয়ার এই যৌথ অভিযান পরিচালিত হয়।
২০০০-এর দশকে সোমালিয়ার উপকূলে জলদস্যুদের তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। ২০১১ সালে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। পরে আন্তর্জাতিক নৌবাহিনীর মোতায়েন এবং বাণিজ্যিক জাহাজের নিরাপত্তাব্যবস্থা জোরদারের ফলে জলদস্যুতা অনেকটাই নিয়ন্ত্রণে আসে।
তবে এপ্রিল থেকে জলদস্যুদের হামলা আবার বেড়েছে। এখন পর্যন্ত অন্তত পাঁচটি পণ্যবাহী জাহাজ জিম্মি করা হয়েছে। সর্বশেষ জাহাজটি ২০ আগস্ট ইয়েমেনের উপকূলের কাছে ছিনতাই করা হয়।
