বিনোদন ডেস্ক: বাংলাদেশের ‘শিকার’ সিনেমার শুটিং করতে গিয়ে নেপালে প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আটকা পড়েছেন কলকাতার অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। রসুয়া জেলার দুর্গম এলাকায় শুটিং চলাকালে প্রবল বৃষ্টি, পাহাড়ি ঢল, ফ্ল্যাশ ফ্লাড ও ভূমিধসে যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। খরাজ জানিয়েছেন, তিনি স্ত্রীসহ হোটেলে নিরাপদে আছেন। কাঠমান্ডু যাওয়ার পথ বন্ধ থাকায় বিকল্প পথে ভারতে গিয়ে কলকাতা ফেরার পরিকল্পনা করছেন তারা। সিনেমাটির পুরো টিম নিরাপদে আছে বলে জানিয়েছেন অপু বিশ্বাসও।
বাংলাদেশের ‘শিকার’ সিনেমার শুটিং করতে গিয়ে নেপালে প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চীন সীমান্তঘেঁষা রসুয়া জেলার দুর্গম এলাকায় সিনেমাটির শুটিং চলছিল। এর মধ্যেই প্রবল বৃষ্টি, পাহাড়ি ঢল ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়ে পুরো এলাকা।
হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের কারণে বেশ কয়েকটি রাস্তা ও সেতুর অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে কিছু যোগাযোগপথ। ফলে শুটিং দলের সদস্যরা চাইলেও দ্রুত সেখান থেকে বের হতে পারছেন না।
নেপালে শুটিংয়ে খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়ও রয়েছেন। হিন্দুস্তান টাইমসকে খরাজ জানিয়েছেন, তারা বর্তমানে হোটেলে অবস্থান করছেন এবং নিরাপদে আছেন। দুর্যোগের কারণে কাঠমান্ডু যাওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত ফ্লাইটও ধরতে পারেননি তারা।
বিকল্প পথে দেশে ফেরার পরিকল্পনা করছেন খরাজ। সড়কপথে ভারতের গোরক্ষপুরে গিয়ে সেখান থেকে কলকাতার ফ্লাইট ধরার চেষ্টা করবেন তারা। শুটিংয়ের অভিজ্ঞতাও বেশ কঠিন ছিল বলে জানিয়েছেন অভিনেতা। প্রবল বৃষ্টির মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা জঙ্গলে বসে থাকতে হয়েছিল তাঁদের।
এদিকে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসও। সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। সামাজিক যোগাযোগমাধ্যমে অপু জানিয়েছেন, নেপালে থাকা সিনেমাটির পুরো টিম নিরাপদে রয়েছে।
গত ২০ আগস্ট খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত নেপালে পৌঁছান। এরপর থেকেই প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে একাধিকবার শুটিং ব্যাহত হয়। পরিস্থিতির মধ্যেই শুটিং শেষ করার চেষ্টা করেছে টিম। এখন দুর্যোগপূর্ণ পরিস্থিতি কাটিয়ে নিরাপদে দেশে ফেরাই তাদের প্রধান লক্ষ্য।
এছাড়া নেপালের দুর্যোগ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ভারতীয় অভিনেত্রী মানসী পারেখ। বর্তমানে তিনি নিরাপদে চীনে অবস্থান করছেন। সদগুরু কৈলাস মানস সরোবর যাত্রায় যোগ দিতে সেখানে গেছেন তিনি।
নেপালের তিব্বত সীমান্তবর্তী গিরং বন্দর এলাকায় দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই এলাকায় ২৭ আগস্ট যাওয়ার কথা ছিল মানসীর। তবে তার আগেই সেখান থেকে সরে যাওয়ায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নেপালের বন্যার ভয়াবহ ছবি ও ভিডিও শেয়ার করেছেন মানসী। একটি ভিডিওতে তিনি লেখেন, ‘কী খারাপ অবস্থা হয়েছে! বৃহস্পতিবার তো এখানেই থাকার কথা ছিল আমার। মাত্র কয়েক দিন আগেই এই জায়গায় আমি গিয়েছিলাম। সকলে এত ভালোভাবে আমাকে স্বাগত জানিয়েছিলেন, সেটা ভোলার নয়। এখন তো গোটা রাজ্যই পানির নিচে।’
