মুক্তদেশ ডেস্ক: ভারতসহ যেকোনো দেশ সফরের বিষয়ে সরকারের মনোভাব অত্যন্ত ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর বিদেশ সফরের বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, এখনো কোনও সফর চূড়ান্ত হয়নি। বিভিন্ন কাজে প্রধানমন্ত্রী এখন ব্যস্ত আছেন এবং ভারত সফরসহ অন্যান্য সফর কোনও কিছুই এখনো ফাইনাল হয়নি। সেটা অবশ্যই দুই দেশের সঙ্গে আলোচনা করে ফাইনাল হবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন আর সামনে আবার পার্লামেন্ট সেশন বসবে। সবকিছু নিয়েই দেশের ইন্টারনালি আমাদের অনেক কর্মসূচি আছে, সেগুলোর কাজ চলছে। সাংবিধানিক অনেক কাজ কিন্তু সামনে আছে। সেই জায়গা থেকে সরকারও ব্যস্ত আছে। প্রধানমন্ত্রীও ব্যস্ত আছেন। তার মধ্যেই যদি সবকিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব দেশেই সফর হবে। সেটা দেখা যাক।’
তিনি বলেন, আমি আবারও বলছি। সব দেশ সফরের ক্ষেত্রেই সরকার পজিটিভ আছে। কিন্তু এটা নির্ভর করবে প্রধানমন্ত্রীর সময়ের ওপরে এবং দুই দেশের আলোচনার কতটুক এগোচ্ছে সেটার ওপর।
আসন্ন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ব্রিকস তো অনেক দেরি। এক মাসে বহু কিছু হয়ে যেতে পারে।