সিলেট: সিলেটের একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও কাজের মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে নগরীর রায়নগর এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের (উত্তর) উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন- ওই এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার (৯০) ও তার স্ত্রী সুরাইয়াবেগম (৭৬)। গৃহকর্মীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডিসি (উত্তর) সাইফুল বলেন, খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকির তার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। পরে বিস্তারিত বলা যাবে। বাসার আলমারি ও ড্রয়ার খোলা অবস্থায় পাওয়া গেছে। ডাকাতি এবং পারিবারিক কলহ দুটি বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, সকালে এক মিস্ত্রি ওই বাসায় এসে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি আশপাশের লোকজনকে জানান। পরে পাশের ভবন থেকে ওই বাসার বারান্দায় রক্ত দেখতে পান স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা খুলে তিনজনের মরদেহ দেখতে পায়।
