মুক্তদেশ ডেস্ক: ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে গত বছর যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৪৩ জন।
মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলের এক প্রতিবেদনে পেন্টাগনের নথির বরাতে এ তথ্য জানানো হয়েছে।
পেন্টাগন মার্কিন কংগ্রেসকে দেওয়া ১২ পৃষ্ঠার এক প্রতিবেদনে এসব হতাহতের কথা জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের এপ্রিল মাসে সামরিক অভিযানের সময় তিনটি নির্দিষ্ট হামলার ঘটনায় এসব হতাহত হয়।
পেন্টাগনের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৬ এপ্রিল রাজধানী সানায় একটি বিমান হামলা চালানো হয়। এতে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হন।
এরপর ১৭ এপ্রিল রাস ইসা বন্দরে হামলা চালানো হয়। ওই হামলায় নিহত হন ৮০ জন।
২৮ এপ্রিল সাদার কাছে আরেকটি বিমান হামলা চালানো হয়। এতে ৪৭ জন নিহত হন।
এই তিনটি ঘটনায় মোট ১৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হন। আহত ২৪৩ জনও এসব হামলার ঘটনায় হতাহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পেন্টাগন জানিয়েছে, সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট আরো ১৫টি ঘটনা এখনো পর্যালোচনার অধীনে রয়েছে। এসব ঘটনায় বেসামরিক হতাহতের বিষয়ে তদন্ত চলছে।
