মুক্তদেশ ডেস্ক: ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে দুই দেশের মধ্যে নতুন নৌপথ নির্ধারণের বিষয়ে ওমানের সঙ্গে তাদের একটি চূড়ান্ত চুক্তি প্রায় সম্পন্ন হওয়ার পথে। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দেওয়া, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সামরিক হুমকি বন্ধ করাসহ আরও কয়েকটি শর্ত পূরণ করতে হবে বলে আবারও জানিয়েছে তেহরান।
শুক্রবার এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন, ইরান ওমান একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। এই চুক্তি বাস্তবায়িত হলে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল পুনরায় শুরু করার পথ তৈরি হতে পারে। ইরান তেহরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার আগে এটি ছিল তেল ও গ্যাস পরিবহনের অন্যতম প্রধান নৌপথ।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার বলেছেন, প্রণালী নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তি এখন ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে। তবে শনিবার দেওয়া বক্তব্যের পুনরাবৃত্তি করে তিনি বলেন, তেহরানের নির্ধারিত কিছু দাবি যুক্তরাষ্ট্র পূরণ না করা পর্যন্ত ইরান প্রণালীটি পুনরায় খুলবে না।
ইরানের মেহর নিউজ এজেন্সি আরাকচিকে উদ্ধৃত করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ওই শর্তগুলো পূরণ করার পর এবং প্রণালী পুনরায় খুলে দেওয়ার সময় কোন নতুন নৌপথ ব্যবহার করা হবে, তা চুক্তিতে নির্ধারণ করা হবে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে সরাসরি কোনো আলোচনা চলছে না। আরাকচি বলেন, জুনে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তী চুক্তি ওয়াশিংটন লঙ্ঘন করছে বলে তেহরানের অভিযোগ রয়েছে। তাই যুক্তরাষ্ট্র ওই চুক্তি মেনে না চলা পর্যন্ত ইরান সরাসরি আলোচনায় বসবে না।
তবে তিনি জানান, দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান চলছে।
