মুক্তদেশ ডেস্ক: বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। মেটা তাদের বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে (অ্যাডস ম্যানেজার) পেমেন্ট পদ্ধতি হিসেবে দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘বিকাশ’ যুক্ত করার উদ্যোগ নিয়েছে।
বর্তমানে ফিচারটি সবার জন্য উন্মুক্ত না হলেও সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ইতোমধ্যে কিছু ব্যবহারকারী ফেসবুক অ্যাডস ম্যানেজারের ‘পেমেন্ট মেথড’ অপশনে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশ দেখতে পেয়েছেন এবং সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন।
এতদিন বাংলাদেশে মেটা প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের মূল্য পরিশোধের জন্য আন্তর্জাতিক ক্রেডিট/ডেবিট কার্ড, ডুয়াল কারেন্সি কার্ড এবং বিভিন্ন ব্যাংকিং জটিলতার মুখোমুখি হতে হতো। বিশেষ করে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (SME) জন্য এসব শর্ত পূরণ করা বেশ ব্যয়বহুল ও জটিল ছিল। বিকাশের মাধ্যমে স্থানীয় মুদ্রায় (টাকা) পেমেন্ট করার সুযোগ পূর্ণাঙ্গভাবে চালু হলে আন্তর্জাতিক কার্ডের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মেটা যেকোনো নতুন সুবিধা আনুষ্ঠানিকভাবে চালুর আগে ধাপে ধাপে তা পরীক্ষা করে থাকে। পরীক্ষা সফল হলে পর্যায়ক্রমে এটি দেশের সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে দৃশ্যমান হবে।
তবে এ বিষয়ে মেটা কিংবা বিকাশ কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে ফিচারটি ঠিক কবে নাগাদ সবার জন্য সম্পূর্ণ চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। তা সত্ত্বেও এই উদ্যোগকে দেশের ডিজিটাল উদ্যোক্তাদের জন্য একটি বড় ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
