বিনোদন ডেস্ক: বাংলাদেশের সংগীতাঙ্গনের বরেণ্য সংগীতশিল্পী ফাহমিদা নবী আবারও সেই পুরনো ফরম্যাটে ফিরে যাচ্ছেন। তিনি নিজেকে আবার সিডির যুগে নিয়ে যাচ্ছেন। ফাহমিদা নবীর নতুন ছয়টি মৌলিক গানের মিউজিক ভিডিও এক ডিজিটাল সিডি ‘এ শহরের গান’-এ পাওয়া যাবে। পাশাপাশি নতুন ছয়টি গান ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলেও পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী এই শিল্পী। সবগুলো গান লিখেছেন গোলাম মোরশেদ। এর মধ্যে তিনটি গানের সুর করেছেন শামস সুমন। বাকি তিনটি গানের সুর করেছেন লাবু রহমান, তমাল ও সজীব দাস। ৫ আগস্ট সবগুলো গানের মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে বলে জানান ফাহমিদা নবী।
মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন ফাহমিদা নবী ও আশিক। ফাহমিদা নবী বলেন, ‘এখন তো নতুন গান এলে শুধু ইউটিউবেই প্রকাশ পায়। কিন্তু আমরা ক্যাসেটের যুগে, সিডির যুগে নতুন গান প্রকাশকে ঘিরে যে একটা উন্মাদনার মধ্যে, যে একটা উচ্ছ্বাসের মধ্য দিয়ে সময় পার করতাম সেটা কিন্তু এই ইউটিউবের যুগে এসে অনুপস্থিত। খুব মিস করি সেই সিডির যুগ, ক্যাসেটের যুগ। মিস করি বলেই সিদ্ধান্ত নিয়েছি যে, আমার নতুন মৌলিক ছয়টি গান ডিজিটাল সিডিতেও প্রকাশ হোক। আমি চাই শুধু ইউটিউবে নয়, কেউ যদি নিজের মতো করে গানগুলো সংগ্রহ করতে চায়, তারাও যেন তা করতে পারে। শিগগির গানগুলো অ্যালবাম আকারে সিডিতে এবং ইউটিউবে প্রকাশ পাবে। ধন্যবাদ নেপথ্যে থেকে যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি।’
