ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন।
তিনি জানান, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। একই সঙ্গে লাইনচ্যুত বগি উদ্ধার এবং দ্রুত রেলপথ সচল করতে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন পাঠানোর প্রস্তুতি চলছে।
