মুক্তদেশ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় মারধর ও হামলার ঘটনার পর সংবাদ পরিবেশনে ব্যবহৃত ভাষা ও শব্দচয়ন নিয়ে সাংবাদিকদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। তিনি অভিযোগ করে বলেছেন, ছাত্রলীগের প্রতি ‘মায়াকান্না’ দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাকসু ভিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সোমবার (২৭ জুলাই) বিকেলে সাবেক ছাত্রলীগ কর্মীসহ কয়েকজন শিক্ষার্থীর রাকসু ভবনে হামলার অভিযোগের পর এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মোস্তাকুর রহমান বলেন, ‘এত মায়াকান্না করা যাবে না। আপনারা সাংবাদিকরা যেসব শব্দ ব্যবহার করেন, এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আপনারা কালকে ছাত্রলীগকে ডিফেন্স করে অনেকে নিউজ করেছেন। এই সাংবাদিক এখানেও অনেকে আছে। আমরা সেগুলো জড়ো করে করে এখানে ব্যবস্থা নেব।’
