মুক্তদেশ ডেস্ক: পলাতক শেখ হাসিনা সরকারের আমলে অনুষ্ঠিত ২০১৮ সালের বিতর্কিত একাদশ সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব পালনকারী ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল সোমবার রাতে চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাদের অবসর দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বর্তমানে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োজিত ছিলেন।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা বিভিন্ন জেলায় জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। তারা হলেন—পটুয়াখালীর মতিউল ইসলাম চৌধুরী, ভোলার মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, বরিশালের এসএম অজিয়র রহমান, ফেনীর ওয়াহেদুজ্জামান, খাগড়াছড়ির শহীদুল ইসলাম, ঝিনাইদহের সরোজ কুমার নাথ, পাবনার জসিম উদ্দিন, সুনামগঞ্জের মোহাম্মদ আব্দুল আহাদ, কক্সবাজারের কামাল হোসেন, রাঙামাটির একেএম মামুনুর রশিদ, লক্ষ্মীপুরের অঞ্জন
চন্দ্র পাল, চট্টগ্রামের মোহাম্মদ ইলিয়াস হোসেন, ময়মনসিংহের মিজানুর রহমান,
চাপাইনবাবগঞ্জের নুরুল হক, শরীয়তপুরের কাজী আবু তাহের, নাটোরের মো. শাহরিয়ার, বান্দরবানের মোহাম্মদ দাউদুল ইসলাম, নেত্রকোনার মঈনউল ইসলাম, কুষ্টিয়ার আসলাম হোসেন, কুমিল্লার আবুল ফজল মীর, চাঁদপুরের মাজেদুর রহমান খান, মানিকগঞ্জের এসএম ফেরদৌস, চুয়াডাঙ্গার গোপাল চন্দ্র দাশ, নীলফামারীর নাজিয়া শিরিন, কুড়িগ্রামের সুলতানা পারভীন, শেরপুরের আনারকলি মাহবুব, খুলনার হেলাল হোসেন, নরসিংদীর সৈয়দা ফারহানা কাউনাইন, কিশোরগঞ্জের সারওয়ার মোর্শেদ চৌধুরী, হবিগঞ্জের মাহমুদুল কবির মুরাদ, আলী আকবর ও রাজশাহীর আব্দুল কাদের।
প্রজ্ঞাপনে বলা হয়, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা অবসর সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
এর আগে গত বছরের ১৯ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩৩ জেলা প্রশাসককে ওএসডি করা হয়েছিল। সে সময় তারা যুগ্ম সচিব হিসেবে বিভিন্ন দপ্তরে কর্মরত ছিলেন।
