মুক্তদেশ ডেস্ক: লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লন্ডনে স্বাগত নন। গাজায় ‘গণহত্যা’ সংঘটিত হয়েছে বলে তিনি বিশ্বাস করেন এবং এ জন্য নেতানিয়াহুকে দায়ী ও ‘গণহত্যার একজন অপরাধী’ হিসেবে অভিহিত করেন।
চ্যানেল ৪ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাদিক খান বলেন, আমি বিশ্বাস করি, গাজায় একটি গণহত্যা সংঘটিত হয়েছে। নেতানিয়াহু এর জন্য দায়ী এবং তিনি গণহত্যার একজন অপরাধী। আমি মনে করি, তিনি আইন ভঙ্গ করেছেন এবং তার বিচার হওয়া উচিত। তাকে আইনের আওতায় এনে জবাবদিহির মুখোমুখি করতে হবে।
নেতানিয়াহুর সম্ভাব্য লন্ডন সফর প্রসঙ্গে লন্ডনের মেয়র বলেন, ভালো খবর হলো, নেতানিয়াহু লন্ডনে আসছেন না। যদি তিনি আসতেন, তাহলে জনমতের প্রবল প্রতিক্রিয়ার মুখে পড়তেন। তার লন্ডন সফরের কোনো তথ্য পেলে আমি প্রধানমন্ত্রীকে আইন কার্যকর করার জন্য অনুরোধ জানাব।
সাক্ষাৎকারের শেষদিকে সাদিক খান আরও বলেন, যারা গণহত্যা সংঘটিত করে, তাদের লন্ডনে স্বাগত জানানো হয় না।
সম্প্রতি নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিও নেতানিয়াহুকে নিয়ে একই ধরনের অবস্থান প্রকাশ করেছিলেন। তার পরপরই সাদিক খানের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
সূত্র: দ্য নিউ আরাব
