মুক্তদেশ ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে দুই মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া এসব হামলায় আরো এক মার্কিন সেনা নিখোঁজ রয়েছেন। এ নিয়ে চলমান যুদ্ধে এ পর্যন্ত মোট ১৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া ৪৩০ জনেরও বেশি সেনা আহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার জর্ডানে অবস্থানরত মার্কিন ও মিত্র বাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় ওই দুই সেনা নিহত হন। পেন্টাগন জানিয়েছে, ইরানের হামলায় আহত চার মার্কিন সেনাকে চিকিৎসার জন্য জর্ডানের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসা শেষে তাদের সবাইকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া সামান্য আহত আরও কয়েকজন সেনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে।
সেন্টকম জানিয়েছে, নিহত দুই মার্কিন সেনার স্বজনদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার অন্তত ২৪ ঘণ্টা পর্যন্ত তাদের পরিচয় বা এ-সংক্রান্ত অন্য কোনো তথ্য প্রকাশ করা হবে না।
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এই ঘোষণার পর নতুন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা অব্যাহত রাখে, তবে তাদের অবিস্মরণীয় শিক্ষা দেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বৃতিতে খামেনি বলেন, যুদ্ধ উসকে দিয়ে তার পরিণতি বয়ে আনার চেষ্টা করছে আমেরিকান শত্রু। এমন পরিস্থিতিতে ইরানি জাতি এবং প্রতিরোধ অক্ষের কাছে যুক্তরাষ্ট্রের জন্য অবিস্মরণীয় শিক্ষা অপেক্ষা করছে।
