মুক্তদেশ ডেস্ক: সম্প্রতি শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বৃষ্টির কারণে পরীক্ষা পেছাতে চাওয়া এইচএসসি পরিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করেছেন-এমন একটি দাবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বিতর্কটা মূলত শুরু হয় একটি অডিও কলরেকর্ড ঘিরে। ছড়িয়ে পড়া সেই অডিও ক্লিপটিতে শিক্ষামন্ত্রী ও ঢাকা সিটি কলেজের এক শিক্ষার্থীর কথোপকথন শোনা যায়।
ওই রেকর্ডিংয়ে শোনা যায়, আইসিটি পরীক্ষার দিন ভারী বৃষ্টি, জলাবদ্ধতা এবং শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি তুলে ধরে ঢাকা সিটি কলেজের এক শিক্ষার্থী পরীক্ষা পেছানোর অনুরোধ জানান। জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে তিনি মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। পরীক্ষা স্থগিতের পক্ষে যুক্তি তুলে ধরতে নিজের মেয়ের উদাহরণও দিয়েছেন তিনি।
রেকর্ডিং অনুযায়ী, তিনি কর্মকর্তাদের বোঝাতে বলেন, বৃষ্টিতে মাথায় পানি পড়লে তার মেয়ের জ্বর আসে, তাই বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে গেলে অনেক শিক্ষার্থী অসুস্থ হতে পারে। এই উদাহরণ দিয়েই পরীক্ষা পেছানোর পক্ষে তিনি মত দেন বলে কথোপকথনে উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, ‘এরা তো ফার্মের মুরগি। মাথায় বৃষ্টির পানি পড়লে আমার মেয়েরও জ্বর চলে আসে।’ ফোনালাপের শেষ দিকে ওই শিক্ষার্থীর সঙ্গে স্বাভাবিক ভঙ্গিতে কথোপকথন চালিয়ে যেতে শোনা যায়।
শিক্ষার্থীকে তিনি বলছেন, ‘তুমি এখন বাসায় গিয়ে আম্মুকে বলো একটা গরম কফি দিতে। কফি খেয়ে পড়তে বসে যাও।’
এরপর ‘ফার্মের মুরগি’ বলা, বৃষ্টির মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে টানা দুই দিন বিক্ষোভ, অবরোধ, লংমার্চ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। পদত্যাগ দাবিতে নানা কর্মসূচি চলাকালীন সংসদে দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। এরপরই পদত্যাগ দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি দেয় শিক্ষার্থীরা।
