মুক্তদেশ ডেস্ক: শিকারিদের পাতা ফাঁদে গুরুতর আহত হওয়ার ছয় মাস পর চিকিৎসা ও পুনর্বাসন শেষে সুন্দরবনে ফিরেছে একটি রয়েল বেঙ্গল টাইগার। চিকিৎসক বলছেন, বাঘটি এখন পুরোপুরি সুস্থ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের উপস্থিতিতে গতকাল বাঘটিকে অবমুক্ত করে বন বিভাগ। অবমুক্তির পর তার গতিবিধি ও নিরাপত্তা পর্যবেক্ষণে বসানো হয়েছে ২০টি ক্যামেরা ট্র্যাপ।বিশেষ ব্যবস্থায় নদীপথে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্দারমানিক এলাকায় নেয়া হয় বাঘটিকে। টানা বৃষ্টির মধ্যেই খাঁচার দরজা খুলে দিতেই মুহূর্তে নিজ আবাসস্থল বনভূমির গভীরে মিলিয়ে যায় বাঘিনীটি।
খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে প্রায় ছয় মাস চিকিৎসা ও পরিচর্যার পর পুরোপুরি সুস্থ হয়ে ওঠে বাঘটি। বন বিভাগের দাবি, চিকিৎসার মাধ্যমে সুস্থ করে উদ্ধার করা কোনো বাঘকে আবার বনে ফিরিয়ে দেয়ার ঘটনা দেশে এবারই প্রথম।
গাজীপুর সাফারি পার্ক বন বিভাগের ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন বলেন, দীর্ঘ ছয় মাস চিকিৎসা দিয়ে পুরোপুরি সুস্থ করে বাঘিনীকে সুন্দরবনের আবাসস্থলে ফিরিয়ে দিতে পারা মাইলফলক হয়ে থাকল । প্রথমে শঙ্কায় ছিলাম যে পুরোপুরি সুস্থ করতে কতদিন লাগে। আমাদের টিমের সর্বাত্মক চেষ্টা ফলে বাঘটিকে স্বাভাবিকভাবে সুন্দরবনে অবমুক্ত করতে পেরেছি।প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী বলেন, অসুস্থ বাঘটিকে সুস্থ করে সুন্দরবনের উন্মুক্ত করতে পেরেছি, এটি একটি চ্যালেঞ্জ ছিল। সুন্দরবন রক্ষায় প্রাণ-প্রকৃতি যেকোনোভাবে রক্ষা করতে হবে। আমরা যাতে বনের ওপরে কোনোভাবে প্রভাব না ফেলি এজন্য সবাইকে সচেতন থাকতে হবে। জনবল কম থাকলেও আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে আগামীতে জনবল ও নৌযান বৃদ্ধি করে সুন্দরবনে যেন সুরক্ষা দিতে পারি। সুন্দরবনের কোন প্রাণী লোকালয়ে যাতে প্রবেশ না করতে পারে তার জন্য আমরা ৩৫ কিলোমিটার নাইলনের বেড়া দিয়েছি। যার ফলাফল আমরা এরই মধ্যে পেয়েছি, চলতি বছরে কোনো প্রাণী লোকালয় ঢুকতে পারেনি। সুন্দরবন সুরক্ষায় বন বিভাগ বদ্ধপরিকর।
অবমুক্তির পর বাঘটির চলাচল, অভিযোজন ও নিরাপত্তা পর্যবেক্ষণে তার বিচরণ এলাকায় ২০টি ক্যামেরা ট্র্যাপ বসিয়েছে বন বিভাগ।
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, অপরাধ দমন, আবাসস্থল সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার আরো জোরদার করে সুন্দরবনের বাঘের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
বন বিভাগের সর্বশেষ বাঘশুমারি অনুযায়ী, বর্তমানে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা ১২৫টি।
গত ৪ জানুয়ারি সুন্দরবনের পূর্ব বন বিভাগের সড়কিখাল এলাকায় শিকারিদের পাতা হরিণ ধরার ফাঁদে আটকে সামনের বাম পায়ে গুরুতর আহত হয় বাঘটি। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার স্বাভাবিক চলাফেরা, ক্ষিপ্রতা ও শিকারি আচরণ ফিরে আসায় অবশেষে বনে ফিরিয়ে দেয়া হয়।
