মুক্তদেশ ডেস্ক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর।
বিএনপির মিডিয়া সেলের সংক্ষিপ্ত বার্তায় জমির উদ্দিন সরকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জমির উদ্দিন সরকার মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জমির উদ্দিন সরকার ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন, ১৯৯৬ সালের ষষ্ঠ ও সপ্তম সংসদ নির্বাচনে এবং ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে নিজের পুরনো আসন পঞ্চগড়-১ থেকে সংসদে যান এ বিএনপি নেতা। ২০০৯ সালে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জিতেন তিনি। বিভিন্ন সময়ে সংসদীয় স্থায়ী কমিটিতেও তিনি দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করার পর একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করেন জমির উদ্দিন সরকার। পরে লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-এট-ল সনদ পান।
দেশে ফিরে ১৯৬০ সালে আইন পেশায় যুক্ত হন জমির উদ্দিন সরকার। তিনি সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি পান।
১৯৪৫ সালে ছাত্র ফেডারেশনের মাধ্যমে তার রাজনীতিতে হাতেখড়ি। পরে ছাত্র ইউনিয়ন ও ন্যাপের রাজনীতির যুক্ত হন। জিয়াউর রহমান জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল গঠন করলে তাতে যোগ দেন জমির উদ্দিন সরকার। পরে বিএনপি প্রতিষ্ঠিত হলে তিনি স্থায়ী কমিটির সদস্য হন।
১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জমির উদ্দিন সরকারের জন্ম। তার বাবা মৌলভী মুহম্মদ আজিজ বক্স এবং মা বেগম ফখরুন্নেছা।
